সুনামগঞ্জে টাওয়ারের যন্ত্রপাতি চুরি, যুবক আটক

সুনামগঞ্জ সদর উপজেলায় গ্রামীণফোনের একটি টাওয়ারের যন্ত্রপাতি চুরির সময় মালামালসহ রাজু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি নাম্বারবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত একটি গ্রামীণফোন টাওয়ারে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, টাওয়ারটির অটোমেটিক জেনারেটর থেকে ডিজেল ও ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নাম্বারবিহীন মোটরসাইকেলসহ রাজুকে আটক করা হয়।

পুলিশ জানায়, চুরির আগে রাজু টাওয়ারের দরজার লোহার বর্ডার, একটি ব্যাটারি ও অটোমেটিক জেনারেটরের কিছু মালামাল নিজের হেফাজতে নিয়েছিল। তবে চুরির ঘটনায় জড়িত বাংলালিংকের টেকনিশিয়ান পরিচয়ধারী পলাশ নামের আরেক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক পলাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, ‘গ্রামীণফোন টাওয়ারে চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’