ইসলামাবাদে অনুষ্ঠিত রেকর্ডসংখ্যক দরপত্রের মাধ্যমে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো হায়দরাবাদ। বর্ধিত নিলামে ১৭৫ কোটি পাকিস্তানি রুপির সর্বোচ্চ দর দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিশ্চিত করেছে এফকেএস গ্রুপ। ব্যবসায়ী ফাওয়াদ সরওয়ারের মালিকানাধীন এই গ্রুপই নিলামে সবার ওপরে উঠে আসে।
পাকিস্তান সুপার লিগে যুক্ত হয়েছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। এর মাধ্যমে পিএসএলের দল সংখ্যা বেড়ে ৬ থেকে হয়েছে ৮। নতুন দুই দল পিএসএলের ১১তম আসর থেকে অংশ নেবে।
আগামী ১০ বছরের জন্য পিএসএলের ৫টি দেশের মোট ১২টি প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল। নিলামে শিকাগো কিংসমেন দলের মালিক প্রতিষ্ঠান (এফকেএস গ্রুপ) ১.৭৫ বিলিয়ন পাকিস্তানী রুপিতে কিনেছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। ৭ম দলের বিক্রির পর বাকি থাকা একমাত্র দলের দাম আরও বেড়ে যায়। ভিত্তিমূল্যই হয়ে যায় ১.৭০ বিলিয়ন পাকিস্তানী রূপি। নিলামের মাধ্যমে ৮ম দল শিয়ালকোটের মালিকানা কিনেছে ওজেড ডেভলাপার্স, তাদের খরচ হয়েছে ১.৮৫ বিলিয়ন পাকিস্তানী রুপি।
এই দুটি ফ্র্যাঞ্চাইজি আগামী ১০ বছরে ৩ হাজার ৬০০ কোটি পাকিস্তানি রূপী দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
২৬ মার্চ থেকে ৩ মে এই সময়ে হবে পিএসএলের ১১তম আসর। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পর পিএসএলে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।