অবশেষে দুঃসংবাদ দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ভক্তদের জন্য। আজ ৮ জানুয়ারি সকাল থেকেই জল্পনা ছিল। দিনশেষে আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির কথা থাকলেও নানা কারণে স্থগিত হলো ‘জন নয়াগণ’ ছবির মুক্তি। থালাপতি বিজয়ের শেষ সিনেমাটি ২০২৬ সালের অন্যতম বড় সিনেমা ইভেন্ট হিসেবে ধরা হয়েছিল। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। রাজকীয় বিদায়ের অপেক্ষায় থাকা দর্শকদের মন ভেঙেছে এই আকস্মিক ঘোষণায়।
সিনেমাটির মুক্তি স্থগিত হওয়ার পেছনে একাধিক কারণ উঠে এসেছে। জানা গেছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেতে কিছুটা দেরি হচ্ছে। সিনেমার কয়েকটি অ্যাকশন দৃশ্য ও রাজনৈতিক সংলাপ নিয়ে জটিলতার কারণেই এই বিলম্ব। এছাড়া আন্তর্জাতিক বাজারে একই দিনে মুক্তির পরিকল্পনা থাকলেও ওভারসিজ ডিস্ট্রিবিউশন ও কেডিএম ডেলিভারিতে কারিগরি সমস্যার মুখে পড়তে হয়েছে টিমকে। শেষ মুহূর্তে ভিএফএক্স ও ডাবিংয়ের কিছু কাজ বাকি থাকায় সিনেমার মানের সঙ্গে আপস করতে চাননি পরিচালক ভেঙ্কট প্রভু।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে ইন্ডাস্ট্রির সূত্র বলছে, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে পোঙ্গল উৎসবের সময় সিনেমাটি মুক্তি পেতে পারে। খুব শিগগির আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নতুন রিলিজ ডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।