মনিরামপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

যশোরের মনিরামপুর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আচমকা হামলা চালিয়ে চলাচলরত মানুষের পায়ে কামড় দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তত ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, গত দুই মাস ধরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। ফলে কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা বাধ্য হয়ে বাজারের ফার্মেসি থেকে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, রাস্তায় চলাচলকারী ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেলে থাকা নারী-পুরুষদের ওপর ক্ষ্যাপা কুকুরের কামড়েই এতগুলো মানুষ আহত হয়েছেন।

উপজেলার পাড়দিয়া গ্রামের ইজিবাইক চালক মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হয়ে ডিসপেনসারি মোড়ে যাত্রী ওঠানোর সময় একটি পাগলা কুকুর হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে ডান পায়ে কামড় দেয়। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী হাসানকেও কুকুরটি কামড়িয়ে রক্তাক্ত করে।

একই দিনে কুকুরের কামড়ে আহত হন ঝাঁপা গ্রামের রামপদ দাস, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান ও নাছিমা বেগম, দুর্গাপুর গ্রামের ফরিদা বেগম ও রাফি, জুড়ানপুর গ্রামের সিনিয়া আক্তার ও রিফাত হোসেন, গালদা গ্রামের হোসেন আলী, গোপালপুর গ্রামের আবু বক্কর, কাশিপুর গ্রামের বিষ্ণু দাস, সুমাইয়া খাতুন, ঘুঘুরাইল গ্রামের আব্দুস সামাদ, শেখপাড়া খানপুর গ্রামের আমিনুর রহমান, মোবারকপুর গ্রামের তামিম হাসান, রোহিতা গ্রামের আশিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৬০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু জানান, কুকুরের কামড়ে আহত ৪০ জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে র‍্যাবিস ভ্যাকসিন না থাকায় রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সাল বলেন, গত দুই মাস ধরে র‍্যাবিস ভ্যাকসিনের মজুদ শেষ। নতুন করে সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে হাসপাতালের ওয়ার্ডবয় আক্তার হোসেন জানান, রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরের কামড়ে আহত রোগীরা এখনও হাসপাতালে আসছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, জরুরি ভিত্তিতে ২০০ ডোজ র‍্যাবিস ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে তা হাসপাতালের কাছে হস্তান্তর করা হবে।