গাজীপুরে মোটরসাইকেল কিনতে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাসন থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওই এনসিপি নেতার নাম হাবিব চৌধুরী। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। হাবিব চৌধুরী বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী বিক্রয় ডটকমের মাধ্যমে তার নিজের ইয়ামাহা ব্র্যান্ডের অনটেস্ট আর-১৫ মোটরসাইকেলটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন। সেই সূত্রে অজ্ঞাতনামা দুজন ক্রেতা হাবিবের সঙ্গে দেখা করার জন্য গাজীপুর যায়। ওই দুই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তাদের মধ্যে থেকে একজন প্রথমে মোটরসাইকেলটি ট্রায়াল ড্রাইভ দেয়। ট্রায়াল ড্রাইভ দিয়ে তাদের সামনে আসার পর মোটরসাইকেলের কাগজপত্র হাতে নিয়ে আসা ব্যক্তি মোটরসাইকেলে উঠে দ্রুত গতিতে পালানোর সময় মো. হাবিব চৌধুরী মোটারসাইকেলের পেছনে পেছনে দৌড়ে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি হাবিবকে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তবে গুলি তার শরীরে লাগেনি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করব।’