জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিজের ভোট নিজে দেওয়ার অধিকার নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। আপনার হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। ফোন করে কেন্দ্র দখল, ভোট দিতে না দেওয়ার হুমকি দিচ্ছে। যারা হোন্ডা ও গু-া দিয়ে ভয় দেখানোর রাজনীতি করেন, তারা সাবধান হয়ে যান। এই রাজনীতি এখন আর চলবে না। মানুষ সচেতন হয়েছে। তারা আর ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।