ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে নিহত ১, নিখোঁজ ৩৮

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ল্যান্ডফিলে বিশাল পরিমাণ আবর্জনার স্তূপ ধসে পড়ে অন্তত একজন নিহত হয়েছেন এবং ৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সেবু সিটির বিনালিউ ল্যান্ডফিলে এ দুর্ঘটনায় ২২ বছর বয়সী এক নারী প্রাণ হারান। ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জন আহত স্যানিটেশনকর্মীকে উদ্ধার করা হয়েছে, যাদের পরে হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজদের বেশিরভাগই ল্যান্ডফিলের কর্মী বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার তৎপরতায় বিভিন্ন সরকারি সংস্থা ও বেসামরিক সংগঠনের প্রায় ৩০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে একাধিক এক্সকাভেটর, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও কাজ করছে। সেবু সিটির মেয়র নেস্টর আর্চিভাল শুক্রবার (৯ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, 'নিখোঁজদের সন্ধানে সব উদ্ধারকারী দল পূর্ণমাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে।'

সিটি কাউন্সিলর জোয়েল গারগানেরা জানান, ঘটনাটি হঠাৎ ঘটে থাকলেও এর পেছনে দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা বড় কারণ হতে পারে। তিনি স্থানীয় পত্রিকা দ্য ফ্রিম্যান-কে বলেন, ল্যান্ডফিল পরিচালনাকারীরা মাটির স্তূপ কেটে মাটি তুলে নেওয়ার পর সেখানে আবার আবর্জনা ফেলে নতুন স্তূপ তৈরি করছিলেন।

ফিলিপাইনের সেবুর মতো বড় শহরগুলোতে ল্যান্ডফিল সাধারণ বিষয়। ভিসায়াস অঞ্চলের বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত সেবু শহরের এই বিনালিউ ল্যান্ডফিলটির আয়তন প্রায় ১০ হেক্টর বা ২৫ একর।