এমি মার্তিনেজের চোট কতটা গুরুতর?

অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনা জাতীয় দলের জন্য এলো দুশ্চিন্তার খবর। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ আবারও চোটে পড়েছেন। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে বিরতির পর মাঠে নামতে পারেননি তিনি।

সেলহার্স্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচে মার্তিনেজ বাঁ পায়ের কাফ মাসলে অস্বস্তি অনুভব করেন। দ্বিতীয়ার্ধ শুরুর আগে তাকে বদলি করা হয়। ওই সময় দেখা যায়, তার পায়ে বরফ দেওয়া হচ্ছে। এই চোটের কারণে ১০ জানুয়ারি টটেনহ্যামের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডে মার্তিনেজের খেলা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তার না খেলার সম্ভাবনাই বেশি।

মার্তিনেজের ইনজুরি নিয়ে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি বলেন, ‘হ্যাঁ, তার চোট আছে। এটা ছোটখাটো চোট। আমি ডাক্তার নই, তবে এটা কাফ ইনজুরি। আমরা এখন মেডিক্যাল চেক করাব, আশা করছি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে সে মাঠে ফিরতে পারবে।’

চলতি মৌসুমে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ইতিমধ্যেই পাঁচটি অফিসিয়াল ম্যাচ মিস করেছেন মার্তিনেজ। টটেনহ্যামের বিপক্ষে না খেলতে পারলে, এই মৌসুমে তার অনুপস্থিত ম্যাচের সংখ্যা দাঁড়াবে ছয়—যা দলের প্রথম পছন্দের গোলরক্ষকের জন্য অস্বাভাবিক। অ্যাস্টন ভিলা তাই মার্তিনেজের চোটমুক্তির অপেক্ষায় আছে।