ত্রিশাল

দুই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে দুই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের মাসকান্দা এলাকার মো. মাসুদ মিয়া (৩০), ত্রিশালের চাউলাদী গ্রামের সজিব মিয়া (৩২), আখরাইল গ্রামের কামাল (৩৫), রংপুরের কাউনিয়া এলাকার জুয়েল (৩৮), জামালপুরের মুনসুর আলী (৪০) ও গাজীপুর শ্রীপুরের স্বাধীন খান (২৫)।

ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন, ৪ জানুয়ারি গভীর রাতে ত্রিশাল পৌর এলাকার একটি গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে গরু চোরচক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক জেলায় গরু চুরির অভিযোগ রয়েছে।

ওসি জানান, তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে, যাতে চোরচক্রের বাকি সদস্য ও গরু চুরির রুট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।