দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহিদ রিপনের দাফন সম্পন্ন 

পটুয়াখালীর মহিপুর প্রেস ক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তর এর পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপনের দাফন সম্পন্ন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা তার নামাজে জানাজা শেষে কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবর স্থানে তাকে দাফন করা হয়। 

তার নামাজে জানাজায় সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এছাড়াও দেশ রূপান্তারের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার নামাজে জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও মহিপুর প্রেসক্লাবের সদস্যরা। এদিকে জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালীতে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।