ককটেল বিস্ফোরণে তছনছ ঘর থেকে বিস্ফোরক দ্রব্য জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বসতঘর থেকে এসব বিস্ফোরক জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে পুরো বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় সোহান বেপারী ও নবীন হোসেন নামের দুই যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘ প্রায় দুই দশক ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুপক্ষের সংঘর্ষে শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়। তবে এখনো মামলা হয়নি।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট বোম ডিসপোজাল টিমের পুলিশ ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ বলেন, শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।