কেমন থাকবে আজ সারা দেশের আবহাওয়া

সারা দেশে আজ শনিবার (১০ জানুয়ারি) বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  এছাড়া এই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে  ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ১০ জানুয়ারি উত্তর শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃ ত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।