নীলফামারী

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে এলো একসঙ্গে ৩ সন্তান

নীলফামারীতে দিনমজুর শুভ ইসলামের স্ত্রী তৌহিদা আক্তার স্বাভাবিক প্রসবে মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ঘটনাটি জানাজানি হলে বিরাট আলোড়ন তৈরি হয়।

স্থানীয়রা জানায়, ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বেগপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর শুভ ইসলামের স্ত্রী তৌহিদা আক্তার প্রসব বেদনা উঠে। পরে তাকে জেলা শহরের স্থানীয় মৌন জেনারেল হাসপাতালের নেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক নিশাত তাবাসসুমের নেতৃত্বে নার্স ও স্টাফদের সহযোগীতায় প্রসূতিকে স্বাভাবিক প্রসবে তিন সন্তান জন্ম দেন। নবজাতকসহ প্রসূতি মা সুস্থ রয়েছেন। এঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সবার মধ্যে মিষ্টি বিতরণ করে।

মৌন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওই তিন শিশু ও প্রসূতি মায়ের চিকিৎসা সেবা আজীবন ফ্রি ঘোষণা করা হয়েছে।

দিনমজুর শুভ ইসলাম বলেন, আমি গরীব মানুষ সিজার করতে ২০/৩০ হাজার কই পাবো। তাই ডাক্তার ম্যাডামের কথায় ভরসা পেয়ে সিজার ছাড়াই আমার স্ত্রী স্বাভাবিক তিন মেয়ে সন্তানের জন্ম দিলেন। শুভ ইসলাম সকলের কাছে তার নবজাতক তিন মেয়ে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

চিকিৎসক নিশাত তাবাসসুম বলেন, ওই প্রসূতি শুরু থেকে আমার চিকিৎসা ও পরামর্শ নিয়েই আসছিলেন। যখন জানা গেল তিন সন্তান গর্ভে তখন প্রসূতি ভয় পেয়ে যায়। প্রসূতিকে সাহস দেই ও পরামর্শ মতো চলতে বলি।