মেসির নতুন সতীর্থ কে এই আর্জেন্টিনার ডেভিড আয়লা?

ইন্টার মায়ামিতে নতুন সতীর্থ পাচ্ছেন লিওনেল মেসি। ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি আর্জেন্টাইন মিডফিল্ডার ডেভিড আয়ালাকে দলে ভিড়িয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব পোর্টল্যান্ড টিম্বার্স থেকে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। ক্লাব সূত্রে জানা গেছে, ২৩ বছর বয়সী আয়ালার এই ট্রান্সফারের মূল্য ধরা হয়েছে প্রায় ২০ লাখ মার্কিন ডলার, সঙ্গে আরও সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার ইনসেনটিভ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

ডেভিড আয়ালার জন্ম আর্জেন্টিনার বেরাসাতেগিতে। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় দেশটির ঐতিহ্যবাহী ক্লাব এস্তুদিয়ানতেস দে লা প্লাতার যুব একাডেমি থেকে। ২০১৯ সালের ডিসেম্বরে মাত্র ১৭ বছর বয়সে ক্লাবটির সিনিয়র দলে তার অভিষেক হয়। এস্তুদিয়ানতেসের জার্সিতে তিনি আর্জেন্টিনার শীর্ষ লিগে মোট ৩৩টি ম্যাচ খেলেন। এরপর ২০২২ সালে তিনি এমএলএসে পাড়ি জমান এবং পোর্টল্যান্ড টিম্বার্সে যোগ দেন।

পোর্টল্যান্ড টিম্বার্সের হয়ে গত চার মৌসুমে আয়ালা সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৮টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি চারটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন। প্রথম মৌসুমেই তিনি নিয়মিত একাদশে জায়গা করে নেন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডারে পরিণত হন। তাকে পেয়ে উচ্ছসিত মায়ামি কর্তৃপক্ষ এক্সে লিখেছে, ‘মিডফিল্ডের জন্য নতুন এক শক্তি। ডেভিড, তোমাকে নতুন ঘরে স্বাগতম।’

আয়ালার আন্তর্জাতিক অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। ২০১৯ সালে তিনি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। একই বছর ব্রাজিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও খেলেন। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলোয় প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়। অনূর্ধ্ব-১৭ দলে আয়ালা মোট ১৩টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৭৭১ মিনিট মাঠে ছিলেন। যদিও গোল বা অ্যাসিস্টের খাতা খুলতে পারেননি, তবু তার ট্যাকটিকস ও বল নিয়ন্ত্রণ নজর কেড়েছিল।

যুব দলের অনুশীলনের সময় ডেভিড আয়ালার সঙ্গে লিওনেল মেসির একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার সেই স্মৃতিই বাস্তবে রূপ নিল—দুজনই খেলবেন একই ক্লাবে, ইন্টার মায়ামিতে। এমএলএসের ‘আন্ডার-২২ ইনিশিয়েটিভ’-এর আওতায় আয়ালা ইন্টার মায়ামির হয়ে খেলবেন। এই বিশেষ ব্যবস্থায় ক্লাবগুলো ২২ বছরের কম বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে তুলনামূলক সুবিধাজনক আর্থিক শর্তে দলে নিতে পারে।

আয়ালার সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত। পাশাপাশি ভবিষ্যতে বড় অঙ্কে বিক্রি হলে পোর্টল্যান্ড টিম্বার্সও একটি অংশ পাবে—এমন শর্তও চুক্তিতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, অভিজ্ঞতা ও সম্ভাবনার মিশেলে ডেভিড আয়ালাকে ঘিরে বড় প্রত্যাশা ইন্টার মায়ামির। মেসির নেতৃত্বাধীন দলের মাঝমাঠে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।