কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বৈধ

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে স্থানীয়ভাবে জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আ. মান্নান তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে কর্তৃপক্ষ আযাদের প্রার্থিতা বৈধ হিসেবে অনুমোদন দেয়। 

শুনানিকালে তাঁর মনোনয়নপত্র সংক্রান্ত উত্থাপিত আপত্তিগুলো পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।

জামায়াত নেতারা জানান, মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে কক্সবাজার-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে আযাদের নির্বাচনী মাঠে অংশগ্রহণের পথ সুগম হলো।

তারা আশা প্রকাশ করেন, মহেশখালী ও কুতুবদিয়ার ভোটারদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দিতে প্রার্থী সক্রিয়ভাবে মাঠে নামবেন।

এ বিষয়ে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটারদের সহযোগিতা পেলে মহেশখালী-কুতুবদিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, কক্সবাজার-২ আসনটি উপকূলীয় ও দ্বীপাঞ্চল নিয়ে গঠিত হওয়ায় যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ নানা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনকে ঘিরে এই আসনে রাজনৈতিক তৎপরতা ইতোমধ্যে জোরালো হয়ে উঠেছে।