শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা ও শেখার ধরন বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ পদ্ধতি ব্যবহান করা অত্যন্ত জরুরি।
শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পেডাগোজিক ইননোভেশনস ফর রেফর্মাটিন অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন কেবল আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয় বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় রেজিলিয়েন্স বা সহনশীলতা কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় তিনি মানসম্মত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং জাতীয় পর্যায়ের এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য বেল্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।