দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে।

শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনকে গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ঢাকায় গিয়েছে। আমরা নিশ্চিত হয়ে তাকে রিসিভ করার পর বিস্তারিত জানাবো।