সমাজকল্যাণ সচিব

খেলাধুলাকে জনপ্রিয় করতে পারলে সমাজ মাদকমুক্ত হবে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো মহামারির হাত থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।

আজ শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। যার উপকারভোগীর সংখ্যা প্রত্যক্ষ ও পরক্ষোভাবে প্রায় ১ কোটি ২৩ লাখ জনগণ। প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, তাতে আমাদের শিশুরা অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।

তিনি বলেন, আমাদের এই শিশুদের জন্য আমরা যেসব সুবিধা প্রদান করে থাকি তা অপর্যাপ্ত। এই সুবিধার পরিধি আরও বৃদ্ধির প্রয়াস চলমান থাকবে। আপনারা জানেন আমরা এসব শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে থাকি। শুধু লেখাপড়া করলে হয়তো সে বেঁচে থাকবে কিন্ত মনের খোরাক পূরণ হবে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটু হলেও আমাদের এই সন্তানদের চার দেওয়ালের বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।

দুই দিনব্যাপী খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে শিশু পরিবারের শিশুরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ নগরীর মহেশ্বরপাশা ছোটমনি নিবাস পরিদর্শন করেন।