চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশন তার দাখিল করা আপিল আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।’
তিনি আরও জানান, আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়ে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরবেন।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে আপিল শুনানির মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। মুফতী মানসুর আহমদ সাকীর প্রার্থিতা বহাল থাকায় আসনটির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।