নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহের বাসভবন পোদ্দার বাড়িতে তার স্ত্রী বেগম ঝিনুকের নেতৃত্বে কয়েক শ মহিলাকে তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকের জন্য ভোট চাওয়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে জরিমানা আদায় করেন।
গোলাম মসীহ দাবি করেছেন, মহিলারা তালিমে তার বাসায় এসেছিলেন এবং ভোট চাওয়ার বিষয়টি তার জানা ছিল না।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ফাইরুজ তাসনিম জানান, তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।