সুন্দরবনের কালাবগি থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গত শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান আউটপোস্ট থেকে দাকোপ উপজেলার কালাবগি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম (জানুয়ারি-ফেব্রুয়ারি) চলাকালীন সুন্দরবন থেকে কাঁকড়া শিকার ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।