সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে টিনের ঘরে শুয়ে থাকা অবস্থায় শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়।

পরিবারের সদস্যরা প্রথমে বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জাহেরা বেগম আমজাদ আলীর স্ত্রী।

শনিবার (১০ জানুয়ারি) কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিয়ালের কামড়ের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।

নিহতের ছেলে আল মাহমুদ জানান, শিয়াল টিনের বেড়ার নিচ দিয়ে ঘরে ঢুকে তার মাকে কামড় দেয়।