মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি ইউনিয়নের ইতালিরমোড় গ্রামে মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সকালে নিজ ঘরের ভেতর ওড়নার সাহায্যে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিথিলাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত বিষয়টি রাজৈর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে কিশোরীটি এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।