দেশের টিভি ও চলচ্চিত্র জগতের অত্যন্ত মেধাবী এক মানুষ তিনি। অভিনেতা, নাট্যপরিচালক ও চিত্রগ্রাহক একের ভেতর তিনগুণ সম্পন্ন এই তারকার নাম সালাহ উদ্দিন লাভলু। ক্যামেরার কারসাজিতে বেশ পটু বলে তাকে ক্যামেরার কবিও বলে থাকেন অনেকে। এ ছাড়া নতুন শিল্পী তৈরির কারখানা বলেও মন্তব্য করা হয় লাভলুকে। তিনটি শাখায় সমান অভিজ্ঞতায় ঋদ্ধ মানুষ আমাদের দেশীয়
সংস্কৃতি অঙ্গনে খুব কমই আছেন। একসময় অভিনয়ে তুমুল ব্যস্ত থাকলেও বেশ কয়েক বছর নির্মাণেই বেশি দেখা গেছে তাকে। মাঝেমধ্যে নিজের পরিচালনার নাটকে অভিনয় করলেও এবার দীর্ঘদিন পর বড় একটা খবর দিলেন বহুমাত্রিক এই প্রতিভা। চিত্রপরিচালক বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও করেছেন লাভলু। আর এই চুক্তির খবর প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শক মহলে বাড়তি এক আগ্রহ তৈরি হয়েছে।
সিমেনাটি নিয়ে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘পরিচালক যখন গল্পটা শোনান, তখনই ভালো লেগে যায়। গল্পের সঙ্গে আমার চরিত্রটি খুব ইন্টারেস্টিং। এখানে একটা চ্যালেঞ্জিং দিকও আছে। সবকিছু মিলিয়েই কাজটি করতে রাজি হয়েছি।’ পরিচালক বন্ধন বিশ্বাস জানান, ‘সিক্রেট’ সিনেমায় সালাহ উদ্দিন লাভলুকে দেখা যাবে একেবারে ভিন্ন দুই চরিত্রে। এর মধ্যে একটি চরিত্র ইতিবাচক, অন্যটি নেতিবাচক। একই সিনেমায় দুই বিপরীতধর্মী চরিত্রে লাভলুর উপস্থিতি গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন তিনি।
সালাহ উদ্দিন লাভলু এর আগে রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন। একই নির্মাতার ওয়েব ছবি ‘ব্ল্যাক মানি’তে অভিনয়ে দেখিয়েছেন মুন্সিয়ানা। কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ সর্বশেষ অভিনয় করেছেন। এ রকম ভালো প্রজেক্ট পেলে আগামীতে কাজের আশাবাদ ব্যক্ত করেছেন এই নির্মাতা ও অভিনেতা।
গতকাল শনিবার ঢাকায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে। টানা কয়েক দিন শুটিং চলবে রাজধানীর বেশ কয়েকটি লোকেশনে। এরপর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় লটের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ‘সিক্রেট’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়ক আদর আজাদ।
সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিক্রেট সিনেমার মাধ্যমে দুই বছর পর একটি সিনেমায় যুক্ত হচ্ছি। এখানে দুজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছে। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা। আরেকজন ছোটপর্দার পরিচিত মুখ এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে এটি আমার
তৃতীয় কাজ। তিনি একজন পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।’
এদিকে নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, ‘সিক্রেট’ একটি ভিন্নধর্মী গল্পের সিনেমা। এতে থাকবে রহস্য, আবেগ ও নাটকীয়তার সমন্বয়। শক্তিশালী গল্প ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, অভিনয়ের বাইরে প্রায় ২৫ বছর ধরে নাটক পরিচালনা ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন। নাটকের পাশাপাশি ‘মোল্লাবাড়ির বউ’ নামের একটি সিনেমা পরিচালনা করেও ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন নতুন নতুন শিল্পী তৈরি করে। যারা তার হাত ধরে উঠে এসে দেশীয় সংস্কৃতি অঙ্গনের নানা শাখায় বিচরণ করছেন।