নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় গতকাল শনিবার রাতে বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৮ শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকেন। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক ভাঙা কাঁচের আঘাতে এবং দগ্ধ হয়ে আহত হয়েছেন। তবে তাদের সবাই শঙ্কা মুক্ত।