গুলিস্তানে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপশাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, নিহত সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় রাস্তার পাশে থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত সালেহার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।