সালাহর ম্যাজিকে সেমিফাইনালে মিসর

মোহাম্মদ সালাহর নেতৃত্বে আবারও আফ্রিকা কাঁপাল মিসর। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকান) কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩–২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রেকর্ড সাতবারের শিরোপাজয়ীরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিসর। চতুর্থ মিনিটেই সিটি ফরোয়ার্ড ওমর মারমুশের গোলে এগিয়ে যায় ফারাওরা। ৩২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান রামি রাবিয়া। তবে বিরতির আগে ৪০ মিনিটে আহমেদ আবু এল ফাতুহর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আইভরি কোস্ট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের ত্রাণকর্তা হয়ে ওঠেন সালাহ। ৫২ মিনিটে ইমাম আশুরের সহায়তায় লিভারপুল তারকা ঠান্ডা মাথায় গোল করে মিসরকে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন। এটি চলতি আফকানে সালাহর চতুর্থ গোল, যা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

৭৩ মিনিটে গিলা দোয়ের চমৎকার ব্যাকহিল গোল আইভরি কোস্টকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৩–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর।

এই জয়ে আফকানে আইভরি কোস্টের বিপক্ষে মিসরের আধিপত্য আরও দৃঢ় হলো। এখন পর্যন্ত দুই দলের ১২ বারের সাক্ষাতে মাত্র একবার হেরেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে জানা গেছে, সেমিফাইনালে মিসরের প্রতিপক্ষ সেনেগাল। ২০২১ সালের ফাইনালে সালাহদের হারানো সেই সেনেগালের বিপক্ষে বুধবার তাঞ্জিয়ারে মুখোমুখি হবে ফারাওরা। ব্যক্তিগত ক্যারিয়ারে প্রথম আফকান শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ৩৩ বছর বয়সী সালাহ। আরও এক ধাপ এগিয়ে গেলেন ইতিহাস গড়ার পথে।