নতুন বন্দোবস্তের জন্য আরেকবার চেষ্টা মাহফুজ আলমের

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় যারা আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে তিনি আরেকবার চেষ্টা করতে চান।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির বিষয়ে একসময় আগ্রহী ছিলেন। আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যাদের সাথেই কথা হয়েছে, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। তিনি আরও লেখেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থরাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপসহীন এবং পলিসি বেজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।

মাহফুজ আলম বলেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

আগ্রহীদের যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। পোস্টের শেষে ইংরেজিতে তিনি লেখেন, উই নিড ফ্রেশ ব্লাড। উই নিড নিউ পিপল উইথ হায়ার আইডিয়ালস অ্যান্ড লং-টার্ম কমিটমেন্ট। পোস্টটি তিনি '#জাস্টিস_ফর_শহীদ_ওসমান_হাদি' হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।