ফরিদপুরে উদ্ধার হওয়া বোমাটি প্রায় ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বিশেষ ব্যবস্থায় বোমাটিকে নিস্ক্রিয় করা হয়।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের পরিদর্শক শংকর কুমার ঘোষ বলেন, বোমাটি শক্তিশালী আইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং রিমোর্ট কন্ট্রোলযুক্ত (নিয়ন্ত্রিত)। এটি সাধারণ বোমা থেকে শক্তিশালী ও প্রাণঘাতি।
পুলিশ জানায়, বোমাটি নিষ্ক্রিয়করণে পুলিশের এই ইউনিটটির ১০ জন সদস্য অংশ নেন। প্রথমে তারা বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমাটির কাছে গিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া বুলেটপ্রুভ সরঞ্জাম দিয়ে সেটি ঢেকে রাখেন। এরপর প্রায় ১০০ মিটার দূর থেকে তার যুক্ত যন্ত্রের মাধ্যমে বোমাটি বিস্ফোরণ ঘটান। এসময় বিকট শব্দে প্রায় ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় ধোয়া ও প্রায় ৫০ ফুট উচ্চতায় স্পিন্টার ও অন্যান্য সরঞ্জাম ছিটকে যায়। পরে তারা আলমত সংগ্রহ করে নিয়ে যান।
গত শনিবার (১১ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয় প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া যারা এটি রেখেছে তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।