চরমোনাই পীরের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত!

বরিশাল-৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে প্রার্থিতা নিয়ে সমঝোতা হতে যাচ্ছে। একই আসনে দুজন প্রার্থী থাকলেও নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জামায়াতের প্রার্থী প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে।

জানা গেছে, বরিশাল-৫ আসন থেকে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল-দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এ প্রসঙ্গে উল্লেখ্য, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে এবং সদস্য-সচিব করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে। এই কমিটির অন্যতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্রে জানা গেছে, সাধারণত নির্বাচন পরিচালনা কমিটিতে যারা থাকেন তারা সরাসরি প্রার্থী হন না। সে হিসেবে হেলালের কমিটিতে অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে, বরিশাল-৫ আসন থেকে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী প্রত্যাহার করে নিতে যাচ্ছে। এর ফলে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করীমের পথ সুগম হলো।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এর আগেই এই আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে।