আবদুস সালাম

তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলেই আবার গণতন্ত্র ফিরে আসবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেমন মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তেমনভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

আজ রবিবার দুপুরে রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, দুঃসময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ নয় বছর আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি যেখানেই নির্বাচন করেছেন, ইতিহাসে কোথাও পরাজয়ের নজির নেই। আজ আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তার মাগফিরাত কামনা করি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও আমরা প্রকৃত গণতন্ত্র ফিরে পাইনি। তবে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি খালেদা জিয়াকে নেওয়ার আগে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে যাওয়ার তৌফিক দিয়েছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আজ দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি যখন দেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।

সালাম বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তারেক রহমানকে রেখে গেছেন। তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলেই এ দেশে আবার গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।

আবদুস সালাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তারেক রহমানকে এ দেশের জনগণের সেবা করার সুযোগ, শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি জনগণের অভাব-অভিযোগ দূর করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।