আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এসব তথ্য জানায়। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনারগাঁ-নারায়ণগঞ্জ এলাকার কিছু নির্দিষ্ট স্থানে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় মুন্সীপুর এলাকার কুখ্যাত মাদক সম্রাট নাইমের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে নাইমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৩টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নাঈম (৩৮), তার বাড়ি ধন্দি ভিটি কামালদি এলাকায়, প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং নাঈমের স্ত্রী রুনা আক্তার (৩৪)।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।