গ্যাস সংকট নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি

তিতাস গ্যাস ফিল্ডের ২৭টি কূপ থেকে দেশের অন্যতম জ্বালানি সরবরাহ নিশ্চিত হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 

এ অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে রোববার (১১ জানুয়ারি) সকালে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আশ্বাসে পরে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের এবং তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া।

বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও তীব্র হয়েছে। অথচ দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ড ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত হলেও এখানকার মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।

বক্তারা দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।