বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যবর্তী মেঘনা নদীতে নোঙর করা ট্রলারডুবিতে চারজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এক জেলে সাঁতরে পাড়ে উঠতে পেরেছিলেন। হিজলা উপজেলার বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন হিজলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
জীবিত জেলে শামিম হোসেন দিদার (২৫) একই গ্রামের সাজাহান দিদারের ছেলে।
দিদার জানান, শুক্রবার রাতে পাঁচজন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যান। ওই রাতে জাল পেতে নোঙর করা ট্রলারে তারা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ ট্রলারটি কেঁপে ওঠে এবং ঘুমন্ত অবস্থায় সবাই নদীতে ছিটকে পড়েন। পড়ার সঙ্গে সঙ্গে তারা তীরে ওঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর চারজন নিখোঁজ হন। দুর্ঘটনার বিষয় নিশ্চিতভাবে বলতে না পারলেও তার ধারণা, অজ্ঞাত লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনাটি পার্শ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন এলাকায় ঘটেছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার জানান, ঘটনার পরদিন শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানতে পারেন। এরপর পরই তাৎক্ষণিকভাবে হিজলার নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।