ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেড সদর থানায় নিয়ে আসা হয়েছে এবং যৌথ বাহিনীর মাধ্যমে পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

রোববার (১১ জানুয়ারি) সকালে নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে এ গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাড়ি মালিক বাবু মিয়া জানান, মাটি খুঁড়ার সময় শ্রমিকরা মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। এরপর যৌথ বাহিনীর একটি টিম গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বাসস বলেন, ‘ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড দুটি মাটির নিচে চাপা পড়ে। উদ্ধারকৃত গ্রেনেডগুলো পরে যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।’

তিনি আরও জানান, বাড়ি নির্মাণের সময় শ্রমিকদের সতর্ক দৃষ্টি এবং পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।