শাহজাদপুরে ওয়াজ মাহফিলে শিশুদের ঝগড়া, আহত ২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে সংঘর্ষটি ঘন্টাব্যাপী চলে। দুই পক্ষ হাসুয়া, দা ও ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ চলাকালীন পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার। বিষয়টি শুরু হয় শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ চলাকালে মঞ্জু সরকারের ছেলে নিরব (১৩) ও ইউসুফ ফকিরের ছেলে শিমুলের (১৫) মধ্যে ঝগড়া থেকে। রাতেই তাদের মধ্যে মারপিট হয়। এরপর সোমবার সকালে উভয় পক্ষের অভিভাবকদের জড়িত থাকার কারণে সংঘর্ষে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় সরকার গ্রুপ ও ফকির গ্রুপের অন্তত ৫শ’ নারী-পুরুষ দেশীয় অস্ত্র হাতে নেন। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের ১০টি বাড়িঘরও ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির ও সাজেদা খাতুন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘রবিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা চাইলে আইনি সহায়তা নেওয়া হবে।’