কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে মো. রাশেদ (৩৩) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে ২০ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত গভীর সময়ে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় ভারতীয় সীমান্তবর্তী পেইন পিলার (নং-২১১৪) সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় রাশেদ পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার নিকট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) ভোর রাতে আটককৃত মাদক ব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, আটকের পর রাশেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।