ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে অনিক হাসান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওই গ্রামের মৃত রুহুল ড্রাইভারের মালিকানাধীন ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনিক হাসান দিয়াড় সাহাপুর গ্রামের রানা সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিক হাসান নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। এ সময় অনিক হাসানের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, অনিক হাসান পাকশীর ছাত্রলীগ নেতা মনা হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি ছিলেন।