নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে পৌরশহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌরশহরের গরুহাট্টা এলাকার লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকায় রমজান মিয়ার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মোবাইল ফোনে ছবি তোলা নিয়ে একই এলাকার হেলাল মিয়ার ছেলে হাসান মিয়া ও আলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আলাল মিয়া জানান, হেলাল উদ্দিনের লোকজন ইচ্ছে করেই এমন ঘটনা ঘটিয়েছে। আমার পক্ষের লোকজনদের বেশী মারধর করা হয়। আমি আজ রবিবার (১১ জানুয়ারি) থানায় লিখিত অভিযোগ দেব।
হেলাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে অযথা সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে আজ থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।