বাউফলে দুই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক বন্ধুর বিরুদ্ধে। গত শনিবার রাতে এ ঘটনায় অভিযুক্ত অনিক ও তার মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করা হয়েছে। গতকাল রবিবার ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযুক্তের মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার বান্ধবীকে জরুরি কথা বলার জন্য বাসায় ডাকেন। পরে ওই বান্ধবী তার আরেক সহপাঠীকে নিয়ে অনিকের বাসায় যায়। সেখানে বাসার দুটি কক্ষে দুই বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে অনিক। পরে একজন অসুস্থ হয়ে পড়ায় সেদিন তারা বাড়িতে ফিরতে পারেনি। অসুস্থতার ঘটনা জেনে এ বিষয়ে অনিককে সহযোগিতা করেছেন তার মা নুরজাহান। পরে শুক্রবার রাতে বাড়িতে ফিরে অনিকের বান্ধবী পরিবারকে ঘটনা জানায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার মিলে থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত অনিক (২০) ঘটনার পর পালিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাউফল থানায় একটি মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ  পেয়ে অনিকের মাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযুক্ত অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।