মেঘনায় ট্রলারডুবি, ৪ জেলে নিখোঁজ, জীবিত উদ্ধার ১

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা পাঁচজনের একজন জীবিত ফিরে এলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

গত শুক্রবার রাত ৪টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচরসংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)। তিনি ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।

দিদার জানান, শুক্রবার রাতে পাঁচজন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যান। ওই রাতে জাল পেতে নোঙর করা ট্রলারে তারা ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে হঠাৎ ট্রলারটি কেঁপে ওঠে। একপর্যায়ে তারা সবাই নদীতে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তারা তীরে ওঠার জন্য সাঁতরাতে থাকেন। পরে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অন্য চারজন আর উঠতে পারেননি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে বলতে না পারলেও তার ধারণা, অন্য একটি লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।

স্থানীয় হারুন অর রশিদ মৃধা জানান, রাতে একজন জেলেকে উদ্ধার করা হলেও চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নৌপুলিশের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনাটি পার্শ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন এলাকায় ঘটেছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, ঘটনার পরদিন দুপুরে বিষয়টি জানতে পারেন। এরপর তাৎক্ষণিকভাবে হিজলার নৌপুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।