কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল রবিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থসংশ্লিষ্টরা অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, অর্জন ও ভোগ বিলাসের চেষ্টা করছেন বলে তথ্য মিলেছে। মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা দরকার। খায়রুজ্জামান লিটনের স্ত্রী রেনী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। গত বছরের ৬ মার্চ লিটনসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।