ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভের মুখে দেশটিতে অবস্থানরত নিজস্ব নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তীতে দেশ থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় আজ এই জরুরি ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ।
হালনাগাদ করা ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, ইরান ছাড়ার জন্য বাণিজ্যিক ফ্লাইটগুলো এখনও সচল রয়েছে, তবে তা ক্রমশ সীমিত হয়ে আসছে। যেকোনো সময় আকাশপথ বন্ধ এবং ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে। তেমনটি হলে পরবর্তীতে দেশ ত্যাগ করা অসম্ভব হয়ে পড়বে।
অস্ট্রেলীয় সরকার তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা সরকারি পরামর্শ উপেক্ষা করে ইরানে অবস্থান করবেন, তাদের নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, যদি আপনারা ইরানে থেকে যান, তবে দীর্ঘ সময়ের জন্য কোনো নিরাপদ স্থানে অবরুদ্ধ হয়ে থাকার প্রস্তুতি নিয়ে রাখুন। পর্যাপ্ত পানি, খাবার এবং প্রয়োজনীয় ওষুধের মজুদ নিশ্চিত করুন।
উল্লেখ্য, ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য এই কঠোর সতর্কতা জারি করলো।