স্প্যানিশ সুপারকোপার ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে পরাজয়ের পর বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে চিরাচরিত ক্রীড়াসুলভ রীতি অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা থাকলেও, এমবাপ্পের হস্তক্ষেপে তা আর বাস্তবায়িত হয়নি।
টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, রানার্সআপ হিসেবে পদক গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা দ্রুত মাঠ ছাড়েন। ঠিক সেই সময় এমবাপ্পেকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় এবং তিনি সতীর্থদের বার্সেলোনাকে গার্ড অব অনার না দেওয়ার আহ্বান জানান। ফরাসি তারকার এই আচরণ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বিশেষ করে একটি দৃশ্য নজর কাড়ে। মার্কো আসেনসিও যখন গার্ড অব অনার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন, তখন এমবাপ্পে তাকে থামিয়ে দেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–এর দাবি অনুযায়ী, রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড সরাসরি আসেনসিওকে পরিকল্পনা বাতিল করতে বলেন, যা উপস্থিত দর্শক ও বিশ্লেষকদের বিস্মিত করে।
এমবাপ্পের এই আচরণকে অনেক বার্সেলোনা সমর্থকই ‘অক্রীড়াসুলভ’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, কেউ কেউ আবার এটিকে এল ক্লাসিকোর চিরাচরিত উত্তেজনারই বহিঃপ্রকাশ বলে দেখছেন। মাঠের লড়াইয়েও উত্তাপের কমতি ছিল না। ম্যাচের একপর্যায়ে আসেনসিওর একটি ট্যাকলকে কেন্দ্র করে পেদ্রি, রাফিনিয়া, ফেদে ভালভার্দে, হুইসেন ও লামিনে ইয়ামাল জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়।
শেষ পর্যন্ত রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের হলুদ কার্ড দেখান। সব বিতর্ক ছাপিয়ে শেষ পর্যন্ত শিরোপা উঠেছে বার্সেলোনার হাতেই। এই জয়ে স্প্যানিশ সুপারকোপায় নিজেদের রেকর্ড ১৬তম শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রয়েছে ১৩টি শিরোপা নিয়ে। ফলে ট্রফির সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল হানসি ফ্লিকের দল।