মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান নামের ৯ বছরের ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও, তা সঠিক নয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী শিশু ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান।
গত ১০ জানুয়ারি সন্ধ্যা থেকে ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দের টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১টি গ্রাম কেঁপে ওঠে। এসময় এলাকাবাসী রাত জেগে সময় পার করেন। অনেকে ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে ছোটেন। নাফ নদী ও স্থলসীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড।