২০২৬ সাল নিয়ে আশাবাদী বিশ্বের ৭১ ভাগ মানুষ

যদিও চলমান সংঘাত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অনিশ্চয়তা এবং আসন্ন জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, তারপরও ২০২৬ সাল নিয়ে বৈশ্বিক আশাবাদ দৃঢ় অবস্থানে রয়েছে। 

বহুজাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৩০টি দেশের গড়ে ৭১ শতাংশ মানুষ মনে করেন যে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সাল তাদের জন্য ভালো হবে। এই হার গত বছরের সমান এবং ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩ সালে এই জরিপের ইতিহাসে মানুষের মধ্যে সবচেয়ে কম আশাবাদ রেকর্ড করা হয়েছিল।

তবে বৈশ্বিক গড়ের আড়ালে দেশভেদে রয়েছে বিস্তর পার্থক্য। জরিপকৃত ৩০টি দেশের মধ্যে ৯০ শতাংশ ইতিবাচক মতামত দিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত বছরও দেশটি এই অবস্থানে ছিল। অন্যদিকে, ফ্রান্সে মাত্র ৪১ শতাংশ ও জাপানে ৪৪ শতাংশ মানুষ আগামী বছর নিয়ে আশাবাদী, যা তালিকার নিচের দিকে রাখে।

২০২৫ সালের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ফ্রান্সে আশাবাদের হার গত বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। তবে জাপানে আশাবাদের হার ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ বেড়েছে। ভারত ও দক্ষিণ কোরিয়ায় আশাবাদের হার সবচেয়ে বেশি (৯ শতাংশ) বেড়েছে। যুক্তরাজ্যে আশাবাদ সামান্য কমে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের চেয়ে ৩ শতাংশ কম। আর যুক্তরাষ্ট্রের ৬৬ শতাংশ নাগরিক আগামী বছর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে জানানো হয়, ইপসোসের ‘গ্লোবাল অ্যাডভাইজার’ ও ‘ইন্ডিয়াবাস’ নামের দুই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩০টি দেশের নাগরিকদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। ২০২৫ সালের ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে পরিচালিত এ জরিপে ১৬ থেকে ৭৪ বছর বয়সী ২৩,৬৪২ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।