ফুটবল মাঠে খেলোয়াড় লাল কার্ড দেখলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু রেফারি এবার লাল কার্ড দেখালেন গ্যালারিতে বসা এক দর্শককে! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের লিগ টু-তে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরস চলছে।
মেডোবাঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এডিনবরো সিটি ও স্টার্লিং অ্যালবিয়নের মধ্যকার ম্যাচের ৮৬তম মিনিটে ঘটে এই অদ্ভুত কাণ্ড। ম্যাচজুড়ে গ্যালারিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক দর্শকের দিকে দৌড়ে গিয়ে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচের রেফারি জশ হে। রেফারির এমন আচরণে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা অবাক হয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তে ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও ও ছবি। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। একজন ভক্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এখানে তো ভিএআরের হস্তক্ষেপ প্রয়োজন।’ আরেকজন মন্তব্য করেন, ‘বিশ্বাসই করতে পারছি না, রেফারি সত্যিই এটা করলেন!’ তৃতীয় একজন ব্যঙ্গ করে লেখেন, ‘এবার দর্শককে কত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে?’
গ্যালারির নাটকীয় ঘটনার মাঝেই মাঠের খেলায় পুরো নিয়ন্ত্রণ নেয় স্টার্লিং অ্যালবিয়ন। বিরতিতে ১–০ গোলে পিছিয়ে থেকেও তারা শেষ পর্যন্ত ৪–১ গোলের বড় জয় পায়। রাসেল ম্যাকলিন দ্বিতীয়ার্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন। আর রস কানিংহাম যোগ করেন আরেকটি গোল। এডিনবরো সিটির হয়ে প্রথমার্ধের শেষ দিকে একমাত্র গোলটি করেছিলেন ওসমান সি। এই জয়ের ফলে স্টার্লিং অ্যালবিয়ন লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে আসে।