তাওহীদ হৃদয় সেঞ্চুরিটা পেয়েই যাচ্ছিলেন, কিন্তু ওভার শেষ হয়ে যাওয়ায় তাকে ৯৭ রানি অপরাজিত থাকতে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই হৃদয় দেখলেন মুদ্রার অন্য পিঠ। সিলেট টাইটান্সের বিপক্ষে আউট হয়ে গেলেন ৯ বলে মাত্র ৪ রান করে। সেই রানটাও এসেছে বাউন্ডারি থেকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১ রানেই নাসুম আহমেদের বলে আফিফ হোসেনর তালুবন্দি হন কাইল মেয়ার্স (০)। শহীদুল ইসলামের করা পরের ওভারের তৃতীয় বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন হৃদয়। ৬ রানের মধ্যে দুই ওপেনার হারিয়ে বেশ চাপে পড়ে যায় রংপুর।
এক ওভার পর লিটন দাস ফিরে যান ১২ বলে ২২ রানের ক্যামিও খেলে। ২৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলার পর রংপুরকে টানছেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। ৯ম ওভারের দ্বিতীয় বলে, অর্থাৎ ঠিক ৫০তম বলে ৫০ রানের মাইলফলক ছুঁয়েছে রংপুর রাইডার্স। এখন দেখার, স্কোরবোর্ডে তারা কত রান যোগ করতে পারে।