নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান বিস্ময় এনদ্রিক

কুপ দ্য ফ্রান্সে অভিষেক ম্যাচেই গোল করে দলকে জয় এনে দিলেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাবটিতে যাওয়া ১৯ বছর বয়সী এই বিস্ময়বালকের গোলে লিলেকে ২–১ ব্যবধানে হারিয়েছে লিওঁ। এর মাধ্যমে দলটি টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে।

রেফারির প্রথম বাঁশির মাত্র ৪৯ সেকেন্ডের মাথায় লিওঁকে এগিয়ে দেন আফোনসো মোরেইরা। লিল গোলরক্ষক আরনো বোদারের ওপর দিয়ে লম্বা বল পাঠিয়ে নিখুঁত ফিনিশে গোল করেন তিনি। তবে স্বাগতিক লিল দ্রুতই ঘুরে দাঁড়ায়। ২৮তম মিনিটে লিওঁর রক্ষণের ভুলে সুযোগ নেন হাকন হারাল্ডসন। তার বানানো বল থেকে থেকে ডিফেন্ডার নাথান এনগয় গোল করে ম্যাচে সমতা ফেরান।

প্রথমার্ধের শেষ দিকে লিলে বেশ চাপে ছিল। ঠিক তখনই নিজের জাত চেনান এনদ্রিক। করেন্টিন তোলিসোর ফ্লিক-অন থেকে ব্যাক পোস্টে নিঃশব্দে ঢুকে পড়ে ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে দেন। এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় লিওঁর। এই গোলের মাধ্যমে আবারও নিজের সম্ভাবনার প্রমাণ দিলেন এনদ্রিক, যার জন্য ২০২৪ সালে প্রায় ৪৭.৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

দিনের অন্য ম্যাচগুলোতে নাটকীয়তা কম ছিল না। লিগ ওয়ানে ধুঁকতে থাকা নিস ১–১ ড্রয়ের পর টাইব্রেকারে নঁতকে ৫–৩ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে। মঁপেলিয়ে ৪–০ গোলে মেতজকে উড়িয়ে দেয়, আর রেনেস ৩–১ ব্যবধানে হারায় চতুর্থ স্তরের দল শঁতিলিকে। এছাড়া নঁসির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪–১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে লে মান।