বগুড়ায় খাবার হোটেলে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত হোটেল সান এন্ড সি-তে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় হোটেলটিতে খাদ্য পণ্যে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, রান্না করা খাবারে ইঁদুরের বিচরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল সান এন্ড সি-কে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু আইনানুগভাবে জব্দ করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থ ও জনকল্যাণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।